বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফট আগামীকাল

বাড়ানো হয়েছে দেশি খেলোয়াড়

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:১৩

আগামীকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাতটি দল বেছে নেবে তাদের পছন্দের খেলোয়াড়দের। সে জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে তাদের সামনে রাখা হবে ছয়টি ক্যাটাগরির ২০৯ জন দেশি খেলোয়াড়। এ ছাড়া প্রায় ৪০০ বিদেশি খেলোয়াড়ের নাম থাকবে এই তালিকায়।

যদিও গতকাল পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর অবস্থা ও খেলোয়াড়ের তালিকা সম্পর্কে কিছুই জানানো হয়নি। তার পরও খোঁজ নিয়ে জানা গেল, এবার এই বিশেষ বিপিএলে সাতটি দলের মধ্যে পাঁচটি দলের জন্য স্পনসর পেয়েছে বিসিবি। সবগুলো দলের মালিকানাই থাকবে বিসিবির হাতে। তবে যে পাঁচটি দলের সঙ্গে পৃষ্ঠপোষক যুক্ত হয়েছে, তাদের নাম ঐ সংস্থার পছন্দমতো করা হয়েছে।

পৃষ্ঠপোষক পাওয়া গেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার জন্য। ঢাকার পৃষ্ঠপোষক যমুনা ব্যাংক। তারা ‘ঢাকা নওয়াব’ নাম ঠিক করেছে। চট্টগ্রামের পৃষ্ঠপোষক আখতার ফার্নিশার্স তারা নাম ঠিক করেছে—চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহীর নামকরন হয়েছে রাজশাহী রানার; পৃষ্ঠপোষক আইসিপি। জিভানি ফুটওয়্যার যোগ হয়েছে সিলেটের সঙ্গে; দলটির নাম হয়েছে সিলেট থান্ডার্স। আর খুলনার এখনো নামকরণ হয়নি। তবে দলটির সঙ্গে যুক্ত হয়েছে মাইন্ড ট্রি।

এর বাইরে রংপুর ও কুমিল্লা বিসিবির হাতেই থাকছে। এসব তথ্য জানিয়ে গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘পাঁচটি দলের জন্য আমরা পছন্দমতো পৃষ্ঠপোষক পেয়েছি। তাদের পছন্দে দলের নাম ঠিক করা হয়েছে। এর বাইরে রংপুর ও কুমিল্লা আমাদের হাতেই থাকছে।’

এবার বিপিএলে দেশি ২০৯ জন খেলোয়াড় থাকছেন ড্রাফটে। এই খেলোয়াড়দের বিভক্ত করা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে। এর মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন পাঁচ জন খেলোয়াড়—মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহি, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, ইমরুল কায়েস, মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।

‘এ’ প্লাস শ্রেণিতে ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ থেকে ৭৫ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ১২ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৮ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা ভিত্তিমূল্য ধরা হয়েছে।