কোহলির দশম
‘ডাক’
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ককে রান মেশিন বলাই শ্রেয়। এই তো ঠিক আগের টেস্টেই ২৫৪ রানের ইনিংস রয়েছে তার। কিন্তু গতকাল শূন্য রানে ফিরে গেছেন তিনি। আবু জায়েদ রাহীর বলে এলবির ফাঁদে পড়েন ফিরেন কোহলি। উইকেটে স্থায়ী হয়েছিলেন মাত্র ২ বল। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে কোহলির বিদায় নিশ্চিত করে বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারে শূন্য রানে আউট হওয়ার সংখ্যাটা দুই অঙ্কের স্পর্শ করেছে গতকাল। দশম বারের মতো রানের খাতা খোলার আগে আউট হয়েছেন কোহলি। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন বার, ইংল্যান্ডের বিপক্ষে তিন বার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই বার ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এক বার শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।
রাহানের ৪ হাজার
টেস্ট ক্রিকেটে ১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আজিঙ্কা রাহানে। ইন্দোরে গতকাল ৮৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ৪ হাজার রান থেকে ২৫ রান দূরে থেকেই গতকাল মাঠে নেমেছিলেন রাহানে। নির্বিঘ্নেই সেই মাইলফলক পার হয়ে গেছেন তিনি। ক্যারিয়ারের ২১তম হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। সেঞ্চুরিটা পাননি চা-বিরতির পর আবু জায়েদ রাহীর বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে। মিডল অর্ডারে ভারতকে বড়ো ভরসা দিয়ে যাচ্ছেন রাহানে। গত ছয় টেস্টে তার সেঞ্চুরি দুটি ও হাফ সেঞ্চুরি চারটি। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ধারাবাহিকভাবে রান পাচ্ছেন তিনি।
পিংক বলে নাঈমের অনুশীলন
ইন্দোরে তখন লাঞ্চ-বিরতি। ফাঁকা সময়টাতে বোলিং অনুশীলন করেন নাঈম হাসান। পিংক বলে বোলিং করেন তিনি। স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও ফিল্ডিং কোচ রায়ান কুক ছিলেন তার সঙ্গে। গতকাল অনুশীলনে দেখা গেছে পিংক বলে ভালো বাউন্স পাচ্ছিলেন নাঈম। বলটা একটু বেশি সুইং করছিল। অবশ্য দীর্ঘকায় হওয়ার কারণে নাঈম এমনিতেই বাড়তি বাউন্স পেয়ে থাকেন। ডানহাতি এই অফস্পিনারের জায়গা হয়নি ইন্দোর টেস্টে বাংলাদেশের একাদশে। অভিজ্ঞতার কারণে মেহেদী হাসান মিরাজই সুযোগ পেয়েছেন। যদিও ইন্দোরে মিরাজের বোলিং নজর কাড়ছে না। বল হাতে সুবিধা করতে পারছেন না মিরাজ।
অক্টোবরে দীপক, নভেম্বরে মায়াঙ্ক
গত মাসের শেষদিকে বাংলাদেশের ক্রিকেট কাঁপিয়েছেন ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়াল। দিল্লির এই জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। ভারত সফরের প্রাক্কালে যা বাংলাদেশের জন্য বড়োসড়ো ধাক্কাই ছিল। এবার ইন্দোরের ২২ গজে আরেক আগারওয়ালের ব্যাট পোড়াচ্ছে বাংলাদেশকে। ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল একপ্রান্ত আগলে ব্যাটিং করে চলেছেন। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানেরা ফিরে গেলেও মায়াঙ্ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। পরে যেটিকে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। আট টেস্টে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। অবশ্য দীপকের মতো সংকেত দিয়েছিলেন মায়াঙ্ক। সাকিব তখন আইসিসির কাছে রিপোর্ট করেননি। আর গতকাল আবু জায়েদ রাহীর বলে ব্যক্তিগত ৩২ রানে ক্যাচ দিয়েছিলেন মায়াঙ্ক। সোজা হাতে আসা ক্যাচটা ফেলে দেন ইমরুল কায়েস। আর সেই ক্যাচ মিসের চড়া মাশুল দিল বাংলাদেশ।
-স্পোর্টস রিপোর্টার, ইন্দোর থেকে
