‘মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের চুক্তি পক্ষপাতমূলক’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:১৮

মার্কিন প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান আমাজন বৃহস্পতিবার চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং বিষয়ে ১০ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন প্রক্রিয়াটি ‘সন্দেহাতীতভাবে পক্ষপাতমূলক’।

পেন্টাগনের জেইডিআই কার্যক্রম হিসেবে পরিচিত ‘জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার’ কর্মসূচির অধীনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সামরিক বাহিনীর সকল শাখার মধ্যে তথ্য বিনিময়ে একটি সিস্টেম গড়ে তুলতে মাইক্রোসফটের সঙ্গে সম্প্রতি ১০ বছর মেয়াদি ১০ বিলিয়ন ডলারের এই চুক্তি সম্পাদন করা হয়। আমাজোন ওয়েব সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, ‘এই কার্যক্রম আমাদের দেশের জন্যও ঝুঁকিপূর্ণ। এই কার্যক্রমের ফলে সরকার এবং নির্বাচিত কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাব বিস্তারের অবাধ সুযোগ পাবে।’ তিনি বলেন, ‘জেইডিআই এই চুক্তি সম্পাদনে প্রতিষ্ঠান বাছাই প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ ও ভুল এবং সন্দেহাতীতভাবে এতে পক্ষপাত রয়েছে।’ আমাজোন জানিয়েছে, তারা গত সপ্তাহে এই দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতার বিষয় যুক্তরাষ্ট্রের আদালতকে অবহিত করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আমাজন এবং কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোসের তীব্র সমালোচনা করেছেন। জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিক। এই পত্রিকাটি ট্রাম্প ও তার প্রশাসনের কড়া সমালোচনা করে আসছে। ট্রাম্প গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে জেইডিআইর দরপত্রে অংশ নেওয়া মাইক্রোসফটের প্রধান প্রতিপক্ষ আমাজনের অভিযোগ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।