চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চূড়ামণি সড়কের বরুমতি খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে গেছে। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ সদর হাসপাতালের সামনে থেকে ছয়/সাত কিলোমিটার দীর্ঘ চুড়ামণি সড়কটির কার্পেটিং নষ্ট হয়ে পড়ায় এখন নতুনভাবে কার্পেটিং কাজ করা হচ্ছে। সড়ক সংস্কার করা হলেও প্রায় তিন যুগ আগে চূড়ামণি সড়কটির নির্মিত ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার কারণে ব্রিজটির একপার্শ্বে ভেঙে পড়ে বড়ো গর্তের সৃষ্টি হয়ে যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। উপজেলার মধ্যদিয়ে যাওয়া চূড়ামণি সড়কটি দিয়ে প্রতিদিন পূর্ব জোয়ারা, পাঠানদন্ডী, কানাইমাদারী, মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়া, সুচিয়া বড়ুয়া পাড়া এবং হিন্দু পাড়ার শত শত মানুষ চলাচল করে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, চূড়ামণি সড়কের কার্পেটিং কাজ নতুনভাবে করা হচ্ছে। এ কাজ শেষে ভেঙে পড়া ব্রিজটি নির্মাণের জন্য ব্যবস্থা করা হবে।
