অবৈধ অস্ত্রধারীদের কারণে পাহাড়ে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২১

পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের কারণে ব্যবসায়ীরা সুস্থ ও সঠিকভাবে ব্যবসা করতে পারছে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারলে ট্যাক্সের পরিমাণ আরো বাড়ত। তিনি পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শুক্রবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে চার দিনের আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কর অঞ্চল-৩ চট্টগ্রামের কর কমিশনার মো. মাহবুবুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, যুগ্ম কর কমিশনার প্রতাপ চন্দ্র পালসহ রাঙ্গামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সামনে ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে চার দিনের আয়কর মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ই-টিআইএন প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে। আগামী সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত এই মেলা চলবে।