অকৃতকার্যদের ফরম পূরণ করতে না দেওয়ায় লক্ষ্মীপুরে স্কুলে হামলা ও ভাঙচুর

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২১

লক্ষ্মীপুর সদর উপজেলার মাদারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের ফরম পূরণ করতে না দেওয়ায় স্কুলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানা গেছে। বৃহস্পতিবার রাতে স্কুল ম্যানেজিং কমিটির মিটিং শেষে হামলাকারীরা স্কুলের আসবাবপত্র, দরজা-জালানা, বৈদ্যুতিক বাল্ব, সিসি ক্যামেরা ও তিনটি গভীর নলকূপ ভেঙে তছনছ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষের এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় মোট ২০৫ জন অংশগ্রহণ করে ১৬৮ জন কৃতকার্য হয়। বাকি ৩৭ জন অকৃতকার্য হয়। অকৃতকার্যদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সম্মানের কথা বিবেচনা করে ও তাদের পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে তাদেরকে এই বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা স্কুল থেকে চলে যাওয়ার পরে অকৃতকার্য ছাত্ররা স্কুলের তিনটি ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শুক্রবার সকালে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম জানান, স্কুলে হামলা ও ভাঙচুরের বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।