নিজের সঞ্চিত ভাতা দিয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার ধানমন্ডির সরকারি বাসভবনে নিজের সঞ্চিত মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে ২০ জন অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধা প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তখন থেকেই তিনি তার প্রাপ্ত ভাতা সঞ্চয় করে নির্দিষ্ট সময় পর পর তা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করে আসছেন।
ভাতা বিতরণকালে আসাদুজ্জামান খান কামাল বলেন, মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বার্তা আছে সেটি বাস্তবায়িত হলে অসহায় মুক্তিযোদ্ধাদের আর্থিক কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এ লক্ষ্যে আমি সকল সামর্থ্যবান মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মুক্তিযোদ্ধাদের সব সময় পিছিয়েপড়া মুক্তিযোদ্ধাদের পাশে থাকা উচিত। বাংলাদেশে অনেক সচ্ছল মুক্তিযোদ্ধা অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করে থাকেন। তারা যেন আরো সহায়তার হাত বাড়ান সেটাই আমাদের সকলের কাম্য। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশ নেন।
