দুর্নীতিবাজদের খবর প্রকাশ বন্ধ করতেই গণবিজ্ঞপ্তি :বিএনপি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:০৪

সরকারদলীয় লোক ও প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের খবর যাতে প্রকাশ না পায় সেজন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল শুক্রবার নয়াপল্টনে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না বলে গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ গণবিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। সরকারি এ বিজ্ঞপ্তি গণমাধ্যম নিয়ন্ত্রণমূলক। মূলত সরকারদলীয় লোক ও প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের খবর যাতে প্রকাশ না পায় সেজন্যই এ আদেশ জারি করা হয়েছে। তিনি বলেন, লোক দেখানো দুর্নীতিবিরোধী অভিযানে কিছু ছিঁচকে দুর্নীতিবাজের নাম প্রকাশের পর গণমাধ্যমে সরকারের শীর্ষ দুর্নীতিবাজের তালিকা প্রকাশ হওয়ার আতঙ্ক থেকে এ আদেশ জারি করা করা হয়েছে।

‘এমনিতে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। দেশে যা ঘটে, যত অপকর্ম, দুর্নীতি হচ্ছে তার সিকিভাগও প্রকাশ পাচ্ছে না। তার পরও একের পর এক কালো আইন তৈরি করছে সরকার। বারবার কালো আইন করে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করাই তাদের মূল উদ্দেশ্য।