পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার। অভিযানে অধিক দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা করা হয়। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরের শাহআলী এবং পল্লবী থানা এলাকায় পেঁয়াজের পাইকারি বাজার এবং খুচরা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মণ্ডল। অভিযানে পেঁয়াজের মূল্য তালিকা না টানিয়ে দাম বৃদ্ধিতে কারসাজি করার অপরাধে আনসারের মুদি দোকানকে ২ হাজার টাকা, আইয়ুবের মুদি দোকানকে ২ হাজার টাকা, এনামুল হকের মুদি দোকানকে ২ হাজার টাকা, সোনার বাংলা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, এনায়েত ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উত্পাদন ও প্রক্রিয়াকরণ করা এবং বাসি খাবার ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাছ মাংসের সঙ্গে সংরক্ষণ করার অপরাধে ঢাকা বিরানি হাউজকে ৫ হাজার টাকা ও আল্লাহর দান কাবাব অ্যান্ড কফি হাউসকে ৫০ হাজার টাকাসহ ৭ প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানিয়েছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলায় কম দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রির অভিযোগে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সদর বাজার এলাকায় পেঁয়াজের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন তাজুল ইসলাম ও আব্দুল বাতেন।
উল্লেখ্য, পেঁয়াজের বাজার তদারকিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চারটি টিম প্রতিদিন রাজধানীর বাজারগুলো মনিটরিং করছে।
