কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক আব্দুল হামিদ (৫০), বোরহান উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনের সঙ্গে উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ গ্রামে রেললাইন অতিক্রম করার সময়। নিহত আব্দুল হামিদ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক, কুয়েত সোসাইটি, কিশোরগঞ্জ জেলায় নির্মাণাধীন মসজিদের তদারককারী ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খাজা গ্রামের ওয়াহেদ আলীর পুত্র এবং বোরহান উদ্দিন পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল গফুরে পুত্র। তিনি পেশায় পাঠাও (ভাড়ায় মোটরসাইকেল) চালক।
জানা যায়, কুয়েত সোসাইটির অর্থায়নে উপজেলার পূর্ব মণ্ডলভোগ ও পশ্চিম মণ্ডলভোগ গ্রামে নির্মাণাধীন দুটি মসজিদ পরিদর্শনে বোরহান উদ্দিনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাচ্ছিলেন আব্দুল হামিদ। দুপুরে উপজেলার মণ্ডলভোগ রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই শিক্ষক আব্দুল হামিদ নিহত হন। গুরুতর আহত পাঠাওচালক বোরহান উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভুঁইয়া জানান, ক্রসিংয়ে রেল গেট না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এখানে মানুষ সব সময় ঝুঁকি নিয়ে ক্রসিং পার হয়ে থাকে।
