চলতি বছরসহ এ পর্যন্ত ১০ বছর ধরে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। অতীতে আয়কর মেলায় নারী করদাতা খুব বেশি না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মেলা আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় মোট করদাতার মধ্যে নারী করদাতার হার ৩০ থেকে ৩৫ শতাংশ। অথচ মেলা শুরু হওয়ার পর প্রথম কয়েক বছর নারী করদাতা অনেক কম ছিলো।
গতকাল শুক্রবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই তথ্য দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, আয়কর মেলায় নারী করদাতার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। মেলায় করদাতাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ এখন নারী। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছি, নারী করদাতারা আগ্রহ সহকারে রিটার্ন ফরম পূরণ করছেন।
গতকাল সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে করদাতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে, সরকারি ছুটির দিন হওয়ায় করদাতাদের উপস্থিতি বেশি ছিলো। বিকাল ৫টা নাগাদ মেলার কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও করদাতার উপস্থিতির কারনে পাঁচটার পরও রিটার্ন জমা দেন কেউ কেউ। মহাখালী থেকে মেলায় কর দিতে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আফসানা জাহান। ইত্তেফাকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত তিন বছর ধরে তিনি কর দিচ্ছেন। প্রতিবারই তিনি মেলায় এসে কর দিচ্ছেন। তিনি বলেন, মেলায় সহজে এবং হয়রানিমুক্ত পরিবেশে কর দেওয়া যায়। আয়কর অফিসেও এমন পরিবেশ নিশ্চিত করা দরকার বলে মনে করেন তিনি।
দুই দিনে মেলায় ৪ লক্ষাধিক করদাতা
এনবিআর জানিয়েছে, গতকাল আয়কর মেলার দ্বিতীয় দিন দেশের ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
এসব জায়গায় ২ লাখ ৬৮ হাজার ৬৮৪ জন করদাতা উপস্থিত ছিলেন। এদিকে মেলার দুই দিনে সেবা গ্রহণ করেছেন ৪ লাখ ৪ হাজার করদাতা। দুই দিনে রিটার্ন দাখিল হয়েছে ১ লাখ ৩৭ হাজার ১১৫টি। এর বিপরীতে কর আদায় হয়েছে ৮০২ কোটি ২০ লাখ টাকা। আলোচ্য সময়ে নতুন টিআইএন নিবন্ধনের মাধ্যমে করের খাতায় নাম লিখিয়েছেন প্রায় ৮ হাজার ব্যক্তি।
