অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কারিগর এবং সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তিনি বাঙালি জাতিকে নতুন আশা দেখিয়েছেন দেশকে উন্নতদের কাতারে নিয়ে যাবার। গতকাল শুক্রবার মির্জাপুরের টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্সে কুমুদিনী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যে মানুষটি অর্থের অভাবে মায়ের চিকিত্সা করাতে পারলেন না, সেই মানুষটির প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল থেকে এখন প্রতিদিন দুই সহস্রাধিক রোগীকে সহজলভ্য চিকিত্সা প্রদান করা হচ্ছে। যে মানুষটি পাহাড়সমান দারিদ্র্য নিয়ে জন্মগ্রহণ করলেন, তিনিই এশিয়া মহাদেশের অন্যতম একজন দানবীর ও মানবসেবক হিসেবে খ্যাতি অর্জন করলেন। একটি শিক্ষাকেন্দ্রের অভাবে যেখানে নারীশিক্ষা ছিল অন্ধকারাচ্ছন্ন, এই মানুষটির অবদানেই আজ হাজারো নারী সুশিক্ষা গ্রহণ করে আমাদের সমাজ আলোকিত করছেন। তার প্রতিষ্ঠিত ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল, কুমুদিনী কলেজের মতো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান নারী শিক্ষার অগ্রদূত হিসেবে আপন মহিমায় দাঁড়িয়ে আছে। সেই মানুষটি হলেন রণদা প্রসাদ সাহা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, পরিচালক শ্রীমতী সাহা প্রমুখ।
