টানা ছয় মাসের বিক্ষোভে অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে হংকং। হংকং সরকার মন্দার কথা স্বীকারও করেছে। গত এক দশকে এই প্রথম অর্থনৈতিক মন্দার কবলে বাণিজ্যিক শহর হংকং। ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ভয়াবহ সংকটের মুখে পড়েছে। এদিকে লন্ডনে হংকংয়ের বিচারমন্ত্রীর ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। চীন শাসিত এই অঞ্চলে আরো এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। খবর বিবিসির
হংকং সরকার জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকে জিডিপি ৩ দশমিক ২ ভাগ হ্রাস পেয়েছে। এর আগের প্রান্তিকে ৩ দশমিক ২ ভাগ বেশি ছিল। আর এর আগের বছরের একই প্রান্তিকের তুলনায় জিডিপি সংকুচিত হয়েছে ২ দশমিক ৯ ভাগ। এভাবে চলতে থাকলে পুরো বছরের জিডিপি ১ দশমিক ৩ ভাগ সংকুচিত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
