আগামী ২৬ নভেম্বর গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আর উপজেলা পর্যায়ের এই সম্মেলনকে ঘিরে এখানে বিরাজ করছে উত্সবমুখর পরিবেশ। যোগ্য নেতৃত্ব বা নেতা নির্বাচনের প্রশ্নে নেতাকর্মীদের অনেকেই হয়েছেন সরব। তৃণমূলের প্রত্যাশা ৭টি ইউনিয়ন ও পৌরসভার মতো করে আসন্ন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনেও তারা যোগ্য নেতৃত্ব পাবে।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুর পর ঐ কমিটির ১ম সহ-সভাপতি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। সে ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি হতে পারেন নতুন সভাপতি। তিনি সভাপতি হলে স্থানীয় নেতাকর্মীদের জন্য তা আশির্বাদ হবে বলে মনে করছেন তৃণমূলের নেতৃবৃন্দ। কারণ ইতিমধ্যে তিনি তার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গুছিয়ে তুলেছেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে দক্ষতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করেন। তবে আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নয়, সাধারণ সম্পাদক নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। উপজেলা পর্যায়ে নেতা নির্বাচনে সাধারণ সম্পাদক পদেই হবে মূল লড়াই। ইতিমধ্যে এই পদটিকে ঘিরে মূলত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মো. আবুবকর চৌধুরীর নাম শোনা যাচ্ছে। তবে ঐ দুই নামের পাশাপাশি তৃণমূলের মুখে মুখে বর্তমান উপজেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের নামও উচ্চারিত হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুঁইয়া কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। পরে ঐ কলেজের ছাত্র সংসদের জিএস ও ভিপি নির্বাচিত হন। গত দুইবার যথাক্রমে পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব। আছেন জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও।
যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ এর আগে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের গত কমিটিতে প্রচার সম্পাদক এবং বর্তমান কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সম্পাদক মো. আবুবকর চৌধুরী এর আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমানে গাজীপুর জেলা পরিষদের সদস্য হিসেবেও কাজ করছেন।
