ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর অ্যালামনাই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন দেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এই পুরস্কার শিল্পীর হাতে প্রদান করেন। ২০১৭ সালে এই পুরস্কারে ভূষিত হন শিল্পী, তবে সে সময় আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করতে না পারায় গতকাল সন্ধ্যায় আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কার ভারতীয় সরকার প্রদত্ত আইসিসিআর শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা দুই দেশের বন্ধুত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের প্রদান করা হয়।
শিল্পীর হাতে পুরস্কার তুলে দিয়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, এই পুরস্কার দুই দেশের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে এবং শিল্পী দুই দেশের সংস্কৃতিতেই গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তিনি বলেন, ‘ভারত সরকার বিভিন্ন বিষয়ে দেশটিতে শিক্ষা গ্রহণের জন্য প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে। আমরা আশা করি, এই বৃত্তি শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এই পুরস্কার দায়িত্ব এবং দায়বদ্ধতা দুটোই বাড়িয়ে দিল। যারা সংস্কৃতিচর্চা করেন, সংস্কৃতির সঙ্গে থাকেন, এই পুরস্কার তাদের সবাইর জন্য।
পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন আয়োজনের মধ্যমণি রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারা শিক্ষালয়ের শিক্ষার্থীরা।
