বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে শনিবার দুপুরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম কায়ছারুল ইসলাম (৩০)। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় শনিবার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি দাস জানান, ঐ নারী নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহআলম জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ঐ নারীর মৃত্যু হয়। এ ব্যাপারে ভৈরব জিআরপি থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
