জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, মানুষ কর দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের মহাসড়ক হচ্ছে মানুষের দেওয়া করের টাকায়। কর দেওয়া মানুষের নৈতিক দায়িত্ব।
শনিবার মেহেরপুর পৌর টাউন হলে উপকর-কমিশনারের কার্যালয়, সার্কেল ২১ মেহেরপুর কর অঞ্চলে চার দিনব্যাপী কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আপিলাত রেঞ্জ-২ খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার মু. মুহিতুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রমুখ।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় শনিবার শুরু হয়েছে চার দিনব্যাপী জাতীয় আয়কর মেলা ২০১৯। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পিরোজপুর অফিস জানান, পিরোজপুরে শনিবার চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক অডিটরিয়ামে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান সেখ আলম, পিরোজপুর সার্কেল-৬-এর উপকর কমিশনার সুব্রত কুমার দে ও জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক পান্না।
