শামি-উমেশদের প্রশংসায় কোহলি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৪৭

ইন্দোর টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন মূলত ভারতীয় ফাস্টবোলাররা। ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামির ক্ষুরধার বোলিং ম্যাচে বড়ো ব্যবধান গড়ে দিয়েছে। দুই ইনিংস মিলে ভারতীয় পেসাররা নিয়েছেন বাংলাদেশের ১৪ উইকেট। গতকাল ম্যাচ শেষে তাই পেসারদের প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এমন পেসার ত্রয়ী অধিনায়কদের জন্য স্বপ্নের কম্বিনেশন বলে উল্লেখ করেছেন তিনি।

ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণীতে কোহলি বলেছেন, ‘জানি কি বলব, আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স। ব্যাটিংয়ে খুব পেশাদার, পাঁচ ব্যাটসম্যানের একজন দায়িত্ব নিয়েছে, যেটা আমরা বিদেশ সফরের আগে দেখতে চাই। টুপি খোলা অভিনন্দন ছেলেদের।’

উমেশ-শামিরা দারুণ ফর্মে আছেন জানিয়ে কোহলি বলেছেন, ‘তারা তাদের খেলার শীর্ষ পর্যায়ে আছে। যখন তারা বোলিং করে, মনে হয় যে কোনো উইকেটই ভালো উইকেট। জাসপ্রিত (বুমরাহ) নেই এখানে। কিন্তু এটা যে কোনো অধিনায়কের জন্য স্বপ্নের কম্বিনেশন। দলে শক্ত বোলার থাকাই গুরুত্বপূর্ণ যে কোনো দলের জন্য।’

ভারতীয় ক্রিকেটের মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছেন কোহলিরা। গতকাল বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমরা মানটা ওপরের দিকে নিয়ে যাওয়ার প্রতি নজর রাখছি। অনেক খেলোয়াড়কে প্রেরণা যোগাচ্ছি। ভারতীয় ক্রিকেটের মানকে ওপরে তোলার প্রক্রিয়ায় আছি আমরা। দল হিসেবে আমরা সংখ্যাকে গুরুত্ব দেই না। খুবই সাধারণ বিষয়, যখন আপনি দেখবেন কোনো তরুণ ব্যাটিংয়ে আসছে, টেস্টে আমি জানি কত সময় লাগে বড়ো সেঞ্চুরি করতে। তাই আমি জানি বড়ো রান পাওয়ার গুরুত্ব। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে তাদেরকে জানানো উচিত কীভাবে এগিয়ে যেতে হয়। আমি চাই আমি যে ভুল করেছি, তারা যেন তা না করে। আমি চাই তারা বিশ্বমানের ক্রিকেটার হোক।’

কলকাতায় পিংক বলের টেস্টটা চ্যালেঞ্জিং হবে বলেই জানালেন কোহলি। তিনি বলেছেন, ‘পিংক বল টেস্ট দারুণ উত্তেজনাকর হবে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। পুরোনো হয়ে গেলে এটি সুইং খুব বেশি করে না। তাই বোলারদের জন্যও চ্যালেঞ্জ থাকবে। ভারতের পক্ষে প্রথম পিংক টেস্ট খেলতে যাচ্ছি বলে আমরা খুশি।’