জাতীয় ক্রিকেট লিগ

পেসার রুহেলের অনন্য কীর্তি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৫১

সিলেটের অনভিজ্ঞ পেসার গতকাল যেন দানবীয় রূপেই আবির্ভূত হলেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। একাই নিলেন আট উইকেট। ১৮ বছর বয়সি বাঁহাতি পেসারের বোলিং তোপে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম দিনে ১০৬ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম বিভাগ।

মাত্র ২৬ রানে ৮ উইকেট নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নামা রুহেল। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো পেসারের এটাই সেরা বোলিং ফিগার। তাসামুল হক ও ইরফান শুক্কুর— দুজনই ২১ করে রান করেছেন।

রুহেল ভেঙেছেন সাত বছর আগে গড়া তালহা জুবায়েরের রেকর্ড। ২০১২ সালে রংপুরের বিপক্ষে ঢাকা মেট্রোর পেসার তালহা ৩৫ রানে নিয়েছিলেন ৮ উইকেট। ৫০-এর চেয়ে কম রান খরচ করে ৮ উইকেট নিতে পারেননি আর কোনো পেসার।

জবাব দিতে নেমে সিলেট বিভাগ পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ১৮৬ রান। সর্বোচ্চ ৫৫ রান করেন অমিত হাসান। এছাড়া ৪১ রান করেন অলোক কাপালি। ২৮ রানে অপরাজিত আছেন আসাদুল্লাহ আল গালিব। চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নেন নোমান চৌধুরী।

এদিকে দ্বিতীয় স্তরের অপর ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ভালো অবস্থানে আছে বরিশাল বিভাগ। টসে জিতে ব্যাট করতে নেমে বরিশাল ছয় উইকেট হারিয়ে করেছে ৩৩৮ রান। সেঞ্চুরি করেছেন ফজলে মাহমুদ রাব্বি। ১৬৮ বলে ১০টি চার ও ৯ ছক্কার সৌজন্যে ১৪১ রান করেন তিনি।

সালমান আহমেদ ইমন ৬৮ রান করে অপরাজিত আছেন। এছাড়া অভিজ্ঞ ওপেনার শাহরিয়ার নাফিস করেন ৪৪ রান। মইন খান করেন অপরাজিত ৩৮ রান। ঢাকা মেট্রোর হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আসিফ হাসান।