চলমান জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম স্তরের খেলায় ভালো সূচনা পেয়েছে ঢাকা ও রংপুর। গতকাল খুলনার বিপক্ষে ঢাকা প্রথম দিনের খেলা শেষে সাত উইকেট হারিয়ে করে ২৭৩ রান। সেঞ্চুরি করেছেন তৈয়বুর রহমান। অন্যদিকে রাজশাহীর বিপক্ষে রংপুর বিভাগ আট উইকেট হারিয়ে করেছে ২৬৩ রান। সেঞ্চুরি পেয়েছেন সোহরাওয়ার্দি শুভ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। তাতে তৈয়বুর সেঞ্চুরি করেন। ১৮৯ বলে সাতটি চার ও তিনটি ছক্কার সৌজন্যে তিনি ১১০ রান করেছেন। এছাড়া ওপেনার আব্দুল মজিদ ৬৬ রান করেন। ৫৬ রান করে অপরাজিত আছেন শুভাগত হোম। খুলনার হয়ে আব্দুল হালিম পাঁচটি ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন।
খুলনা-ঢাকার মধ্যকার এই ম্যাচটি কার্যত এই আসরের ফাইনাল। পয়েন্টের দিক থেকে এখন অবধি এগিয়ে আছে খুলনা। তাই, রেকর্ড সপ্তম শিরোপা পাওয়ার জন্য এই ম্যাচটিতে জিততে কিংবা কমপক্ষে ড্র করলেও চলবে খুলনার। অন্যদিকে, একটু পিছিয়ে থাকা ঢাকার জয়ের কোনো বিকল্প নেই।
এদিকে, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। রংপুরের হয়ে ১০৫ রান করেন তিন নম্বরে নামা সোহরাওয়ার্দি। তার ২১৭ বলের ইনিংসে ছিল ১৫টি চার। আরিফুল হক ৫৭ ও নাঈম ইসলাম ৪০ রান করেন। তানভির হায়দার খান ২৬ রান করে অপরাজিত আছেন।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন দেলওয়ার হোসেন। এছাড়া তিন উইকেট নেন মুক্তার আলী।
