কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন উপমহাদেশের কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর। তার শারীরিক অবস্থার এখন অনেক উন্নতি হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সা চলছে তার। কিন্তু গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তার মৃত্যু গুজব। বিষয়টি নিশ্চিত না হয়ে অনেকেই তাকে স্মরণ করে পোস্টও করেছেন। আর এতে বেশ আহত হয়েছে তার পরিবার। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো ধরনের গুজব না ছড়ানো হয় সেই বিষয়ে অনুরোধ করেছে লতা মঙ্গেশকরের পরিবার।
১৬ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে লতার মুখপাত্র বলেন, ‘লতাদি আজ ভালো আছেন। ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ থাকবে তারা যেন কোনো গুজব না ছড়ায়।’
উল্লেখ্য, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ১১ নভেম্বর হাসপাতালে নেওয়া হয় তাকে। বলিউডের অনেকেই তাকে দেখতে গিয়েছেন। আর তারাও কোনো গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন।
