অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান মো. ইসরাফিল আলম এমপি বলেছেন, শিক্ষিত বেকারত্ব লাঘবে প্রশিক্ষিত যুবকদের বিদেশে কর্মসংস্থানের বিকল্প নেই। সেই লক্ষ্যে শেখ হাসিনার সরকার কর্মমুখী কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ এবং উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার রাজশাহীর সপুরাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সাইক ওভারসিজ আয়োজিত ‘অভিবাসন চাকরি মেলা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজকরা জানান, চাইনিজ ডেলিগেটদের উপস্থিতিতে চীনের জিয়াংশি প্রদেশের শিল্প এলাকা নামচাং শহরে ‘ওফিলম কোম্পানিতে চাকরির জন্য রাজশাহী অঞ্চলের প্রায় শতাধিক গ্র্যাজুয়েট সরাসরি সাক্ষাত্কারে অংশ নিয়ে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন। পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এ ধরনের মেলার মাধ্যমে গ্র্যাজুয়েট বাছাই করা হবে।
সাইক ওভারসিজের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. এ আর এম আব্দুল মজিদ, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হান্নান। এছাড়া আয়োজকদের চায়নিজ প্রতিনিধি লু চ্যাংহ্যাং জ্যাকি, সাইক গ্রুপের উপদেষ্টা প্রকৌশলী শামস উজ জামান ও সাইক ওভারসিজ পরিচালক নুরনবী সিদ্দিক সুইন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন সাইক ওভারসিজ ও সাইক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াছমিন। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা এরশাদুল বারী।
