পেঁয়াজ কেনা বন্ধ করুন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২২:১২

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরে রাতারাতি বাজারে এর দাম আকাশ ছুঁয়ে যায়। মজুতদার, সিন্ডিকেট এবং দুর্নীতিবাজরা জনসাধারণের পকেট কেটে একেকজন এরই মধ্যে আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। সরকারও বোধ করি এদের কাছে অসহায়, নইলে বাজারে ঘাটতি না থাকলেও, পেঁয়াজের দাম এত ঊর্ধ্বমুখি কেন? ভুলে গেলে চলবে না—ভাত আমাদের  প্রধান খাদ্য। ভাত না খেলে আমরা বাঁচব না। কিন্তু পেঁয়াজ আমাদের প্রধান খাবার তো নয়ই, প্রধান কোনো উপাদানও নয়। তরকারি রান্নার একটা উপকরণ মাত্র। তরকারিতে পেঁয়াজ না দিলে স্বাদে একটু ভিন্নতা আসবে বৈকি, কিন্তু তা অখাদ্যে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই। পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পর থেকে আমি এক ছটাকও কিনিনি। পেঁয়াজ ছাড়াই খাচ্ছি তরকারি। প্রিয় পাঠক, এই অরাজকতা প্রতিরোধে একাত্ম হোন। এতে সিন্ডিকেট পিছু হটতে বাধ্য হবেই। এছাড়া কীইবা  করার আছে আমাদের?

মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ্

বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬