বিদ্যুতের প্রিপেইড মিটার বর্তমানে গ্রাহকদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মিটারে টাকা বেশি কেটে নেওয়া হয়। প্রতিবার টাকা রিচার্জ করার সময় ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটসহ নানা নামে টাকা নেওয়া হয়ে থাকে। মিটারের টাকা ফুরিয়ে গেলে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। মিটারে টাকা রিচার্জ করার জন্য আবার নির্দিষ্ট কেন্দ্রে যেতে হয়। রিচার্জ বন্ধের দিন করা সম্ভব না হলে ঐদিন থাকতে হয় অন্ধকারে। রিচার্জ করার জন্য দাঁড়াতে হয় লম্বা লাইনে। কোনো কারণে প্রিপেইড মিটার লক হয়ে গেলে বিদ্যুত্ অফিসের লোক এনে লক খুলতে হয়। এইসব ব্যবস্থা বিদ্যুত্ গ্রাহকদের চরম ভোগান্তি ছাড়া কিছু নয়। প্রিপেইড মিটারের গ্রাহক কী পরিমাণ বিদ্যুত্ ব্যবহার করছেন, কী পরিমাণ বিল আসছে তা দেখার বা বোঝার উপায় নেই। তাই এই প্রিপেইড মিটারের ত্রুটি-বিচ্যুতি দূর করে বিদ্যুত্ গ্রাহকদের স্বস্তি দিতে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
এম আই করিম
কাঁচিঝুলি, ময়মনসিংহ
