প্রযুক্তির দ্রুত বিকাশ ও ক্রমবর্ধমান ব্যবহার-উপযোগিতার সুফল পেতে হলে গ্রামাঞ্চলের তরুণ-যুবদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। এজন্য প্রয়োজন উপযুক্ত নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং পর্যাপ্ত অর্থায়ন। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজনে গ্রামীণ কর্মসংস্থান ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর রহমান বলেন, গ্রামাঞ্চলে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কৃষির আধুনিকায়ন ও কৃষি বিমার সম্প্রসারণ করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণ করতে পারলে একদিকে যেমন জনমিতিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা যাবে, তেমনি কর্মসংস্থানকেও টেকসই করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে মো. আসাদুল ইসলাম বলেন, গ্রামীণ কর্মসংস্থান ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষিখাত। এখন শিক্ষিত যুবকরা কৃষিতে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আর্থিক সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে আরো সহজ করার প্রতি জোর দেন তিনি।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মানবকেন্দ্রিক উন্নয়নের আলোকে উপযুক্ত অর্থায়নের পাশাপাশি প্রযুক্তি, কারিগরি, বিপণন ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে পিকেএসএফ, যা টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে। ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন।
