জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির দায়ে মসিউর রহমান রাঙ্গাকে সংসদ সদস্য পদ ও পরিবহন মালিক সমিতির শীর্ষ পদ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঐক্য লীগ’। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবির পাশাপাশি জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরেরও জোর দাবি জানান সংগঠনটির নেতারা।
সংগঠনের সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চু লিখিত বক্তব্যে বলেন, নূর হোসেনকে নিয়ে রাঙ্গা যে অশালীন ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন তাতে এই সংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। রাঙ্গা দুঃখ প্রকাশ করলেও তার বক্তব্য ক্ষমার অযোগ্য। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে রাঙ্গা ধৃষ্টতা দেখিয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক পরিবহন শ্রমিক নূর হোসেন সম্পর্কে রাঙ্গা যে বক্তব্য দিয়েছেন, পরিবহন শ্রমিকরা এর তীব্র নিন্দা জানাচ্ছে। বাচ্চু অভিযোগ করে বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে পরিবহন খাতে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম। এরপরই রাঙ্গা ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মির্জা আব্বাসের দোসর খন্দকার এনায়েতউল্লাহ আমার নামে ৬৪টি জেলায় ৬৪টি মামলা করার হুমকি দেন। এরই মধ্যে বিভিন্ন থানায় আমার নামে পাঁচটি মামলা করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে একটি সাজানো মামলায় আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। আমি এর প্রতিকার চাই।
বাচ্চু আরো বলেন, আগে পরিবহন শ্রমিকদের ৩০ টাকা এবং মালিকদের ৪০ টাকা করে চাঁদা দিতে হতো। কিন্তু রাঙ্গা ও এনায়েত দায়িত্ব নেওয়ার পর থেকে এখন মালিকদের ১৪০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এস এম শাহ আলম, মালিক-শ্রমিক নেতা ফজলুর রহমান, মো. হোসেন, নাসির উদ্দিন, শেখ নজরুল ইসলাম প্রমুখ।
