ভারতবিরোধিতাই বিএনপি রাজনীতির মূলমন্ত্র :তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২২:৩৫

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক  ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তো দিল্লি গিয়ে গঙ্গার পানির হিস্যার কথা বলতে ভুলেই গিয়েছিলেন। গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী মন্ত্রী বলেন, ‘যে দলের নেত্রী দিল্লি গিয়ে পানির হিস্যার কথা ভুলেই যায়, সে দলের তো পানি নিয়ে কথা বলার নৈতিক অধিকারই রাখে না।’ ‘বাংলাদেশ ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দিয়েছে’ মর্মে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, ‘ভারতবিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতির মূলমন্ত্র। কোনো অবস্থাতেই ফেনী নদীর পানি দিয়ে দেয়া হয়নি। এ নদীর কিছু পানি তারা পান করার জন্য আগে থেকেই ব্যবহার করে আসছিল, আমরা বরং সেটাকে ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছি। নবম ওয়েজবোর্ডের সুপারিশে ইলেকট্রনিক গণমাধ্যমের জন্য বেতন কাঠামো গঠনকে গুরুত্ব দেয়া হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের চাকরির সুরক্ষার জন্য একটি বেতন কাঠামো অবশ্যই প্রয়োজন। এ নিয়ে আলোচনা চলছে।