রংপুরে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিলেন এক কলেজছাত্র। রংপুর আরসিআইটি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র প্রান্ত অধিকারী ৩ লাখ টাকা কুড়িয়ে পাওয়ার পর সেটা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে ফেরত দিয়েছেন। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে সেই টাকা তুলে দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপিয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন জানান, বেসরকারি পলিটেকনিক আরসিআইটির টেক্সটাইল বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী প্রান্ত শুক্রবার বেতার কেন্দ্রের সামনে ব্যাগ ভর্তি ৩ লাখ টাকা কুড়িয়ে পান। বিষয়টি তিনি কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর মেট্রোপলিটন কমিটির কোতোয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদারকে জানান। পরবর্তীতে টাকার প্রকৃত মালিক মো. ইব্রাহিমকে খুঁজে বের করা হয়। ইব্রাহিমের বাসা নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায়। বিষয়টি সুনিশ্চিত হয়ে শনিবার বিকালে ইব্রাহিমের নিকট সেই টাকা তুলে দেন কমিশনার আব্দুল আলীম মাহমুদ। এ সময় অতিরিক্ত মেট্রোপুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. ইদ্রিস আলী, কোতোয়ালী থানা সদস্য সচিব আব্দুল কাদের দিদার, কুড়িয়ে পাওয়া শিক্ষার্থী প্রান্ত অধিকারী উপস্থিত ছিলেন। এ সময় টাকা ফেরত পেয়ে প্রান্ত অধিকারী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টাকার মালিক ইব্রাহিম।
