আগামী মঙ্গলবার বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে আসছে। মিসর থেকে এই পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছার পরপরই পেঁয়াজ দ্রুত খালাস করে তা বাজারে ছাড়া হবে। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের পেঁয়াজও বিমানে আসবে।
উল্লেখ্য, সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অল্প সময়ের মধ্যে দেশের বাজারে এই পেঁয়াজ সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া ভারত থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি পাওয়া ৬৬ হাজার টন পেঁয়াজ আসলে দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। এখন পর্যন্ত মাত্র ৫ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। বাকি পেঁয়াজ দেশের বাজারে আসলেই সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।
