এবার শোরগোল তুলতে চায় মোহামেডান

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:০৭

দলবদল

স্পোর্টস রিপোর্টার

গত সাত আট বছর মোহামেডান ফুটবল দল খুব একটা শোরগোল তুলতে পারেনি ফুটবল অঙ্গনে। দলবদলের সময় তারা খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়েছে নিরবে নিঃশব্দে। সেই ঘুম ভেঙে এবার আনন্দ উল্লাস করে ফুটবল দলবদলে অংশগ্রহণ করতে মোহামেডান প্রস্তুতি নিয়েছে। আগামীকাল বাফুফে ভবনে খেলোয়াড়দের নিয়ে হাজির হওয়ার প্রস্তুতিটাও প্রায় সম্পন্ন করে রেখেছে। ক্লাবের বিভিন্ন সূত্রের দাবি মোহামেডান নতুন অতীতের পুরোনো চেহারা নিয়ে ফুটবল ভবনে যাবে। খেলোয়াড়দের নামের আগে তারকা না থাকলেও যাদের নেওয়া হয়েছে তারা এই মৌসুমটা দলটাকে উতরে নিয়ে যতে চান। তবে ফুটবল দল পরিচালনায় নতুন ছবি আঁকছে মোহামেডানের কয়েক জন সাবেক ফুটবলার।

জাগো মোহামেডান নাম দিয়ে এরই মধ্যে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। সবাইকে মোহামেডান ক্লাবে দাওয়াত করা হচ্ছে আগামীকাল দুপুরে খাওয়ার জন্য। তারপরই খেলোয়াড় কর্মকর্তারা এক সঙ্গে বাফুফে ভবেনর দিকে পা বাড়াবেন। সঙ্গে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টির বাদ্য বাজনা, সমর্থকদের  নিয়ে হৈহুল্লুড় করে ভবনে যাওয়া, আতশবাজি পোড়ানো, ক্লাব আঙ্গিনায় আলোকসজ্জারও ব্যবস্থা হতে পারে। মোহামেডানের জার্সি নতুন করে তৈরি করা হচ্ছে। নতুন ডিজাইনের জার্সির বদলে ৮০-এর দশকের ডিজাইনে তৈরি, গায়ে সাদা-কালো রংয়ের হাফহাতার জার্সিতে নামতে দেখা যেতে পারে। একাধিক ডিজাইনের জার্সি মোহামেডান কর্মকর্তাদের হাতে। জার্সি চূড়ান্ত করা হবে অচিরেই। কেন এত আয়োজন সেই প্রশ্নে পরিচালক সারায়ার হোসেন জানালেন সবাইকে একটু উজ্জীবিত করার জন্যই এমনটি করা হয়েছে। সমর্থকদের একজন জানালেন অনেক দিন ধরে মোহামেডান ফুটবল দলটা আলোচনায় নেই। খেলোয়াড় কর্মকর্তাদের উজ্জীবিত করার জন্য আমরাও ঘোড়ার গাড়ি বাদ্যযন্ত্র নিয়ে বাফুফে ভবনে যাব, আপনিও আসবেন প্লিজ। মোহামেডান ক্লাব হতে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামীকাল ফুটবল খেলোয়াড় দলবদল উপলক্ষ্যে র্যালি বের করা হবে। মোহামেডান সমর্থক দলও চিঠি দিয়ে র্যালির কথা জানিয়েছে বলেছে মোহমেডান তথা জাতীয় ফুটবল দলের প্রাক্তন ও বর্তমান জাতীয় খেলোয়াড়বৃন্দ, ক্লাবের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও মোহামেডানের বিপুলসংখ্যক সমর্থক, অনুরাগী ও শুভানুধ্যায়ী র্যালিতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। র্যালিটি মোহামেডান ক্লাব থেকে শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে। সেখানে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন কার্য শেষ করে র্যালিটি মোহামেডান ক্লাবে ফিরে আসবে। সকল মোহামেডান প্রেমীদের আগামীকাল দুপুর ২টার মধ্যে ক্লাবে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দেশি ২৫ খেলোয়াড়কে নিয়ে অস্ট্রেলিয়ান কোচ শেন লিনের অধীনে অনুশীলনও শুরু করেছে মোহামেডান। এই কোচ গত মৌসুমেও মোহামেডানে কাজ করে গেছেন। তার পারফরম্যান্স ভালো। সহকারী কোচ আসবেন ইংল্যান্ড হতে। শোনা যাচ্ছে বর্তমান সভাপতি ওবায়দুল করিম ফুটবল দল গঠনের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফুটবল ম্যানেজার করা হয়েছে সাবেক তারকা স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিবকে।

মোহামেডানের এমন পরিকল্পনার দিনে অন্যান্য ক্লাব কি করছে সেটা এখনো জানায়নি তারা। তবে রহমতগঞ্জ, সাইফ স্পোর্টিং এবং লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস খেলোয়াড় তালিকা বাফুফেতে জমা দিয়ে গেছে অনাড়ম্বরভাবে।

বসুন্ধরা ২০ ফুটবলারের নাম জমা দিয়েছে যেখানে বিদেশি খেলোয়াড় নেই। দেশি-বিদেশিসহ  সাইফ দিয়েছে ৩০ জনের নাম। 

বসুন্ধরা কিংস :

সুশান্ত ত্রিপুরা, নুরুল নাইমুল ফয়সাল, ইয়াসনি খান, ইমন বাবু, তপু বর্মণ, রবিউল হাসান, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, আতিকুর রহমান ফাহাদ, রাসেল আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, আলমগীর রানা, ইব্রাহিম, মনির হোসেন, গোলকিপার মাকসুদুর রহমান, গোলকিপার তিন জন হামিদুর রহমান রিপন, আনিসুর রহমান জিকো ও মিতুল হাসান।

সাইফ স্পোর্টিং ক্লাব :

রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভুঁইয়া, শাহেদুল ইসলাম শাহেদ, মেহেবুব হাসান নয়ন, সাজ্জাদ হোসেন, আলআমিন, ইয়াসিন আরাফাত, ফয়সাল আহমেদ ফাহিম, জাফর ইকবাল, মারাজ হোসেন, ইমরান হাসান রিমন, শান্তু কুমার রায়, আরিফুল ইসলাম, সাগর হোসেন, আবু সাঈদ, রহিম উদ্দিন, সাইফুল ইসলাম, ইমন হাওলাদার, আবিদ আহমেদ, জাবেদ আহমেদ, পাপ্পু হোসেন, নয়ন মিয়া, কাফসুত তাইসু, সবুজ হোসেন, আরিফুর রহমান, তানভির হোসেন, জাহাঙ্গীর এরগাসেভ (তাজিকিস্তান), ফাইয়া কোব্বা (সিয়েরা লিওন), এমারে বাইয়েসেঙ্গা (রুয়ান্ডা)।