বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এক বানরের আক্রমণে ২৫ জন আহত হয়েছেন। এতে পুরো এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। গত এক মাস ধরে এ অবস্থা বিরাজ করছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ বানরের আক্রমণে তানিয়া বেগম (৮) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গত এক মাসে বানরটি সেলিম আহমদ, মারুফ আহমদ, বিউটি বেগম ছাড়াও রোকনপুর, বড়খলা, কাঠালতলী ও গৌড়নগর এলাকার শিশুসহ প্রায় ২৫ জনকে আঁচড়ে-কামড়ে আহত করেছে। আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রবিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরো কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাত্ক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, শিশুসহ প্রায় ২৫ জন ঐ বানরের আক্রমণে আহত হয়েছে। এ ব্যাপারে বন বিভাগকে জানিয়েছিলাম। তাদের লোকজন রবিবার এলাকা পরিদর্শন করে গেছেন।
বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছি। বানরটির গলায় লাল রঙের রসি বাঁধা। মনে হচ্ছে কারো পোষা বানর। অস্বাভাবিক আচরণ করায় ছেড়ে দিয়েছে। আমাদের অফিসে বানর ধরার কোনো যন্ত্র নেই। বিষয়টি মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জকে জানানো হয়। তারা রবিবার সরেজমিনে দেখে ও স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে গেছেন। দুই-একদিনের মধ্যে তারা ঢাকা থেকে যন্ত্রপাতি নিয়ে আসবে।
