আকনা-বড়গাছা সড়ক বেহাল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২০

আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর রাণীনগরের আকনা-বড়গাছা সড়কটির পিচ উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। এতে প্রতিনিয়তই স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এই সড়কটি দিয়ে আকনা থেকে বড়গাছা যেতে প্রায় ৩ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শুকনো মৌসুমে কোনো মতে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। এই সড়ক দিয়ে আকনা, বাঁশবাড়িয়া, বড়গাছা, দেউলিয়া, মানিকহারসহ প্রায় ১০ গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করছে। আকনা গ্রামের ইসা, বুলুসহ অনেকেই বলেন, আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি।  যার কারণে দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত রাস্তায় এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি।

স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পর প্রায় তিন বছর পার হলেও রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল ইসলাম শফু বলেন, এই রাস্তা সংস্কারের জন্য সব কাগজপত্র উপজেলা প্রকৌশলী অফিসে জমা দিয়েছি।

আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, এই রাস্তা সংস্কারের জন্য দরপত্র প্রদানের জন্য সব কার্যক্রম শেষের দিকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই কাজের দরপত্র আহ্বান করা হবে আর তখন এই রাস্তার সংস্কারকাজ শুরু করা হবে।