বাল্যবিবাহ পণ্ড পালাল বর-কনে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

দামুড়হুদায় শনিবার সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়। পরে বিয়ের খাবারদাবার স্থানীয় মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার পুরাতন হাউলী গ্রামের নবম শ্রেণীর স্কুলছাত্রীর সঙ্গে একই গ্রামের আ. হালীমের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র আবু সাঈদের বাল্যবিবাহের আয়োজন চলছিল। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম  মুনিম লিংকন খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গেলে কনে ও কনের বাড়ির লোকজন, বর ও বরযাত্রীসহ সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়ির রান্না করা খাবার দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া আল জামিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, অভিযুক্তদের আটক করতে দামুড়হুদা মডেল থানা পুলিশকে বলা হয়েছে।