৪২ শিশুর স্কুলে যাওয়া বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২১

মিরসরাইয়ে দুই পাড়ার বিরোধ

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে দুই পাড়ার বিরোধকে কেন্দ্র করে ৪২  শিশু শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। স্কুলটি মিরসরাই ইউনিয়নের তালবাড়িয়া ত্রিপুরাপাড়ার রিজার্ব পাড়ায় অবস্থিত।

মধ্যম তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামিনা আক্তার বলেন, গত চার দিন ধরে চৌধুরীপাড়ার ৪২ শিশু শিক্ষার্থী আমার স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। দুই পাড়ার বিরোধকে কেন্দ্র করে কোমলমতি এ শিশুদের অভিভাবকরা স্কুলে আসতে বাধা দিচ্ছে। বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে জানিয়েছি।

চৌধুরীপাড়ার এক শিক্ষার্থীর বাবা ও মধ্যম তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শান্তুরাম ত্রিপুরা বলেন, আমার পাড়ার অন্য শিক্ষার্থীরা কেন ঐ স্কুলে যাচ্ছে না, তা জানি না। আমাদের পাড়া থেকে অন্য শিক্ষার্থীরা স্কুলে না যাওয়ায় আমার বাচ্চাকে একা স্কুলে পাঠাইনি। ঐ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুরেন্দ্র ত্রিপুরা বলেন, গত কয়েকদিন অনেক চেষ্টা করেছি ঐ শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তারা কথা শোনেনি। এতে বছরের শেষের দিকে এসে কোমলমতি ৪২ জন শিক্ষার্থীর পড়ালেখার ক্ষতি হচ্ছে।

মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, শিশু শিক্ষার্থীদের স্কুলে না যাওয়ার বিষয়টি অবগত নই। এটি একটি বেসরকারি স্কুল। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি একটা ব্যবস্থা নিতে পারেন।