কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চার উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানকাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনায় ঐতিহাসিক কানা রাজার সুড়ঙ্গ বা আঁধার মানিক গুহা চত্বরে জরিপের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. জাকির হোসেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের উদ্যোগে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানকাজ পরিচালনা করা হচ্ছে। রামু, উখিয়া, মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলায় মাসব্যাপী চলবে এ কার্যক্রম।
যুগ্মসচিব মো. জাকির হোসেন বলেন, ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পর্যটন শহর রামু হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। রামুর অনেক এলাকার নামের সঙ্গে মিশে আছে সমৃদ্ধ ইতিহাস। ঐতিহাসিক এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো রামুতে দৃশ্যমান। কানা রাজার সুড়ঙ্গ যার অন্যতম।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা এ জরিপ ও অনুসন্ধানকাজ শুরু করেছি। কক্সবাজার সদর, রামু, উখিয়া ও মহেশখালী উপজেলায় ২০১৯-২০ অর্থবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানকাজ পরিচালনা করা হবে।
