সিলেট অফিস
সিলেটের গোয়াইনঘাটে ভূমি নিয়ে বিরোধের জেরে সিরাজ উদ্দিন নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার ৪ নম্বর লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া হাওর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে। রবিবার সকালে লেংগুড়া হাওর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্র জানায়, খেতের আল নিয়ে একই গ্রামের মকবুল আলীর সঙ্গে সিরাজ উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ সময় মকবুল আলী গলা চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে পড়ে যান সিরাজ উদ্দিন। পরে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনার পরপরই মকবুল আলীকে পুলিশ আটক করে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
