মহেশপুরে থামছে না বাল্যবিবাহ!

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে থামছে না বাল্যবিবাহ। গত এক মাসে হাফ ডজন বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র জানায়, গত ১৩ নভেম্বর উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের এক স্কুলছাত্রীকে রাতে স্থানীয় চৌকিদার ইউসুফের সহযোগিতায় বিয়ে দেওয়া হয়, ৩ নভেম্বর নিমতলা গ্রামের রমজান ঢাকীর ছেলে আখিরুলের মানিকদিহি গ্রামের ১৪ বছরের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। ২ নভেম্বর মুন্ডুমালা গ্রামের আনেচতুর মণ্ডলের ছেলে রাসেলের বাল্যবিবাহ হয় একই উপজেলার ডালভাঙ্গা গ্রামের ১৪ বছরের মেয়ের সঙ্গে। ১ নভেম্বর রাখালভোগা গ্রামের আফসার আলীর ছেলে জাফর আলী বিয়ে করে সস্তা বাজারে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে। এর আগে ৩১ অক্টোবর কানাইডাঙ্গা গ্রামের ১৫ বছরের মেয়েকে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার বলেন, আমরা এরই মধ্যে কয়েকটি বাল্যবিবাহ বন্ধ করেছি। যে সকল বাল্যবিবাহ এরই মধ্যে হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।