বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাঁচ জনকে স্থায়ীভাবে বহিষ্কারসহ মোট ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত দুটি চিঠিতে এ তথ্য জানা গেছে। প্রথম চিঠিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের আন্দোলনের সময়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী একাডেমিক এবং এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।
দ্বিতীয় চিঠিতে বলা হয়, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অভিযানে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার ঘটনায় একটি চক্রকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, দুটি পৃথক ঘটনায় মোট ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।
