বরিশাল অফিস
১ হাজার ১০০ ভোল্টের বিদ্যুত্ লাইন নিয়ে আতঙ্কে বসবাস করছেন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়কের উত্তরা কলোনির প্রায় ২ হাজার বাসিন্দা। বিদ্যুত্ অফিসে এক বছর পূর্বে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি। সরেজমিনে দেখা গেছে, লাকুটিয়া সড়ক হয়ে বিসিকের ১ হাজার ১০০ ভোল্টের বিদ্যুত্ লাইনটি উত্তরা কলোনি আবাসিক এলাকার ওপর দিয়ে চলে গেছে। ঐ লাইনের উত্তরা কলোনিতে স্থাপিত খুঁটিটি ঝুঁকিপূর্ণ। কোনো প্রকার সাপোর্ট না থাকায় খুঁটিটি যে কোনো মুহূর্তে বড়ো ধরনের বিপদের কারণ হতে পারে।
কলোনিবাসী জানান, ঝুঁকিপূর্ণ খুঁটির পরিবর্তন চেয়ে গত বছরের জুন মাসে বরিশাল আমানতগঞ্জ ওজোপাডিকো লি. এর নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেও কোনো সুরাহা হয়নি।
আমানতগঞ্জ ওজোপাডিকো লি. এর নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিষয়টি নিয়ে বিদ্যুত্ বিভাগের কাজ চলমান রয়েছে।
