বিশ্ববিদ্যালয় রিপোর্টার
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিল করে এই দুই ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ নিজ সংগঠনের ব্যানারে আলাদাভাবে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগ থেকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেন, ‘সরকার ১০ টাকায় চাল আর পাঁচ টাকায় লবণ খাওয়াবে বলছিল। কিন্তু আজ চাল ৫০ টাকা, পেঁয়াজ ২৮০ টাকা। সরকার আজকে জিডিপির কথা বলছে। কিন্তু আমরা দেখতে পাই বেকারের সংখ্যা দেশে অনেক। পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সরকারকে দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করার আহবান জানান। যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, মানুষ নিত্য প্রয়োজনে যা খায় তা নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার।’
পাঁচ দফা দাবি সামনে রেখে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা। সেগুলো হলো—অনতি বিলম্বে দ্রব্যের দাম ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে হবে; অসাধু সিন্ডিকেট ভেঙে আইনের আওতায় আনতে হবে; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে; আমদানি নির্ভরশীলতা কমাতে হবে; বাণিজ্যমন্ত্রীর লাগামহীন বক্তব্যের জন্য তাকে পদত্যাগ করতে হবে।
ছাত্রদলের মিছিল
এদিকে দুপুরে মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে পেঁয়াজসহ প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান তারা।
