বঙ্গবন্ধু বিপিএল

নতুন দল পেলেন তামিম-মাশরাফিরা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:০৮

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর—বঙ্গবন্ধু বিপিএল। এর আগে ৮ নভেম্বর এই আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল হয়ে গেল এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতটি দল বেছে নিল আগামী আসরের জন্য তাদের খেলোয়াড়দের।প্লেয়ার্স ড্রাফটে বিস্ময় ছিল, ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটারের মধ্যে দেশি খেলোয়াড়দের প্রথম সাত রাউন্ডেও দল পাননি বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবশেষে অষ্টম রাউন্ডে এসে ঢাকা প্লাটুন দলে ভেড়ায় তাকে।

লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে খুলনা ডেকেছে মুশফিকুর রহিমকে। দুইয়ে সুযোগ পেয়ে ঢাকা দল নিয়েছে তামিম ইকবালকে। তৃতীয় দল রাজশাহী নিয়েছে লিটন দাসকে। চট্টগ্রাম দল নিয়েছে মাহমুদউল্লাহকে। রংপুর নিয়েছে মুস্তাফিজুর রহমানকে।

ষষ্ঠ দল কুমিল্লা নিয়েছে সৌম্য সরকারকে। প্রথম রাউন্ডের শেষ দল সিলেট নিয়েছে মোসাদ্দেক হোসেনকে। প্রথম দুই রাউন্ডের বড়ো চমক বলা যায় সম্প্রতি ভারতের অভিষেক সিরিজে আলো ছড়ানো মোহাম্মদ নাঈম শেখ। তরুণ বাঁহাতি ওপেনার খেলবেন রংপুরে।

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডে সবার আগে সুযোগ পেয়ে চট্টগ্রাম নিয়েছে টি-টোয়েন্টি কিংবদন্তি ক্রিস গেইলকে। রাজশাহী নিয়েছে বিপিএলের নিয়মিত পারফরমার রবি বোপারাকে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি খেলবেন রংপুরে।

শ্রীলঙ্কান কিপার-ব্যাটসম্যান কুসল পেরেরার ঠিকানা হয়েছে কুমিল্লা। গত আসরে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটসম্যান রাইলি রুশো এবার খেলবেন খুলনায়। ঢাকা নিয়েছে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে। সিলেট নিয়েছে ক্যারিবিয়ান আগ্রাসী ব্যাটসম্যান শেরফেইন রাদারফোর্ডকে।

দলগুলোর কোচদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিসিবির প্রধান জানালেন, কোচের দায়িত্ব নিতে এর মধ্যেই চলে এসেছেন ওটিস গিবসন, গ্রান্ট ফ্লাওয়ার ও ওয়াইস শাহ।

এবার বিপিএলে অংশ নিচ্ছে নতুন নামের পুরোনো সাতটি দল—যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিটি দলের সঙ্গে থাকছেন একজন করে বিসিবি পরিচালক। চট্টগ্রাম দলের সঙ্গে থাকবেন জালাল ইউনুস, রাজশাহীতে এনায়েত হোসেন সিরাজ, খুলনায় খালেদ মাহমুদ, কুমিল্লায় নাঈমুর রহমান দুর্জয়, রংপুরে আকরাম খান, সিলেটে তানজিল চৌধুরী ও ঢাকায় গাজী গোলাম মোর্তজা।