দুই শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। নিহত এশিচিং মারমা (২০) রাঙ্গামাটি সরকারি কলেজের বিএসএসের (অনার্স) শিক্ষার্থী। গতকাল ঘাগড়ার কলা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেরখাদা (খুলনা) : তেরখাদা-খুলনা সড়কে গতকাল মোটরসাইকেল চাপায় তেরখাদা কিন্ডার গার্টেন স্কুলের নার্সারির ছাত্র মো. শহীদ মোল্যা (৭) নিহত হয়েছে। সে উপজেলার ইখড়ি গ্রামের আব্দুল গণি মোল্যার পুত্র।
কাহারোল (দিনাজপুর) : কাহারোলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আসমা নামে এক পিএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল উপজেলার এক এগারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে ইটুয়া গ্রামের মো. মন্টু রহমানের মেয়ে এবং আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে সমীর শীল (৫০) নামে একজন নিহত হন। গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের কচুয়াই পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। সমীর শীল উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
লালপুর (নাটোর) : লালপুরে খড় বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে সম্রাট (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। সম্র্রাট উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের বাসিন্দা। গতকাল উপজেলার বাঘা-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুর তিলকপুর কালর্ভাটে এ দুর্ঘটনা ঘটে।
চাটমোহর (পাবনা) : চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুরে গত শনিবার ট্রলির নিচে চাপা পড়ে হেলপার ফরিদ হোসেন (২০) নিহত হয়েছেন। তিনি ফরিদপুর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জৈন্তাপুর (সিলেট) : চোরাই পথে আনা পেঁয়াজ বোঝাই ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছেন। গতকাল জৈন্তাপুর হতে সিলেটে যাওয়ার পথে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নম্বর গ্যাসকূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
