চিপসের প্যাকেটে খেলনা

বিএসটিআইকে প্রতিবেদন দিতে নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১০

চিপসের প্যাকেটে খেলনা থাকার বিষয়টি তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বিএসটিআইকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে চিপসের প্যাকেটে শিশুদের খেলনা না ঢোকাতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি বলেন, শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে খেলনাটাও খেয়ে ফেলার চেষ্টা করে। এটা বিপদ ডেকে আনতে পারে। এই বিপদ যেন না হয়, সে জন্যই এই রিট।