জিয়া চ্যারিটেবল মামলা খালেদা জিয়ার জামিন শুনানি ২৫ নভেম্বর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর ২৫ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি হবে। বিএনপির চেয়ারপারসনের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান গতকাল রবিবার এই আদেশ দেন।

এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আপিল করে জামিন চান তিনি। কিন্তু হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে দেয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

এদিকে গতকাল খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বার ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ফজলুর রহমান, এম মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল প্রমুখ। খন্দকার মাহবুব বলেন, ‘আমরা সংবাদ পেয়েছি খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। অবিলম্বে যদি তার মুক্তি না হয়, তাহলে সরকার পতনের জন্য আমরা মাঠে নামব।’