খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে দেখা করতে চান ঐক্যফ্রন্টের ৫ নেতা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সময় চেয়ে আইজি প্রিজনের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গতকাল রবিবার দুপুরে আইজি প্রিজনের বরাবর একটি চিঠি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি প্রিজনস্ সুরাইয়া আক্তারের কাছে পৌঁছে দিয়েছেন। চিঠিতে দেখা করতে ইচ্ছুক ঐক্যফ্রন্ট পাঁচ নেতার নাম, দলীয় পদবি ও মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়েছে। আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান বলে উল্লেখ করেন।

ঐক্যফ্রন্ট জানায়, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা দুই পর্বে ভাগ হয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান। প্রথম পর্বে  পাঁচ জনের নাম দেওয়া হয়েছে। পরে আরো পাঁচ জনের নাম দেওয়া হবে। প্রথম পর্বে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে চান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও  জেএসডির সহসভাপতি তানিয়া রব। আইজি প্রিজনকে দেওয়া চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। মানবিক বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতাদের সাক্ষাতের সম্মতি দেন। সেই অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে ঐক্যফ্রন্টের পাঁচ নেতা সাক্ষাত্ করতে আগ্রহী।