পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দআমরা সব সময়ই চাই জনগণের পুলিশ হতে। আমরা চাই জনগণের কাছে আসতে, পাশে থাকতে। সমাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরেই সর্বদা আমরা আবর্তিত হই। আমরা জনগণের সঙ্গে সার্বক্ষণিকভাবে কাজ করি। কমিউনিটি পুলিশ ধারণাটিও জনগণকে ঘিরে। কমিউনিটি ব্যাংকও তেমনি একটি উদ্যোগ। তিনি বলেন, পুলিশ জনগণের সেবায় সদা প্রস্তুত রয়েছে। আপনারা পুলিশের পাশে থাকুন, পুলিশ আপনাদের পাশে থাকবে। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ নির্মূলসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আপনারা পুলিশের পাশে থাকবেন। মাদকের আগ্রাসন যাতে বন্ধ হয়, সে ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। আমরা চ্যালেঞ্জ নিয়েছি মাদকমুক্ত সমাজ গড়তে।’ তিনি আরো বলেন, ‘কমিউনিটি ব্যাংক চালু করা হয়েছে দুই লক্ষাধিক পুলিশের কল্যাণের জন্য। আমরা উন্নয়নের সহযোগী হতে চাই। ব্যাংকের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। এই ব্যাংকের সেবা নিলেই আপনারা বুঝতে পারবেন ব্যাংকটি কতটুকু জনবান্ধব।’
পুলিশের মহাপরিদর্শক গতকাল রবিবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় বাংলাদেশ পুলিশের কমিউনিটি ব্যাংকের ষষ্ঠ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ জাবের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী। পুলিশের মহাপরিদর্শক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কার্যক্রম উদ্বোধন ও নামফলক উন্মোচন করেন।
অনুষ্ঠান শেষে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সম্পর্কে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে তার বক্তব্যে তা স্পষ্ট করেছেন। শুদ্ধি অভিযান নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে তাদের বক্তব্যে বিস্তারিত বলেছেন। সরকার সারা বাংলাদেশে এই অভিযান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।
