বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৬ টাকার পেঁয়াজ এখন ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ-রসুনের এই কৃষি প্রধান দেশে মানুষকে আজ মিডনাইট সরকারের বাজার সিন্ডিকেটের খপ্পরে পড়ে হালি দরে পেঁয়াজ কিনে খেতে হচ্ছে। সমাধানের পথে না গিয়ে সরকার পেঁয়াজ সংকট নিয়ে দেশে-বিদেশে রসিকতায় মেতেছে। তিনি বলেন, দেশের জনগণ জানতে চায়, কোনো কিছুর দাম বাড়লেই যদি সরকারপ্রধান সেটা ছাড়াই চলার পরামর্শ দেন তবে ওষুধের দাম বেড়ে গেলে রোগীকে তার পরামর্শ কী হবে?
গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, পেঁয়াজের সঙ্গে চালের দামও পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় সিন্ডিকেটের নজর এখন চালের বাজারেও। গত কয়েক দিন চালের দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। পেঁয়াজ সিন্ডিকেটের কাছে জিম্মি সরকারের ব্যর্থতায় এবার বাড়ছে চালের দাম। দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো সংস্থার দৃশ্যমান পদক্ষেপ নেই।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিমানে উঠে গেছে পেঁয়াজ। আর কোনো সমস্যা নেই। অথচ আজকের (গতকালের) পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, গত দেড় মাসে বিমানে করে পেঁয়াজ এসেছে মাত্র ১ হাজার ৬০০ কেজি অর্থাত্ দেড় টনের মতো। আর তিনি কী ঢাকঢোল পিটিয়ে ঘটা করে বলেছেন যে প্লেনে উঠে গেছে পেঁয়াজ। মনে হচ্ছে, এটা একটা বিশাল ঘটনা। মানুষের জীবনের সঙ্গে জড়িত এমন একটি উপাদান নিয়ে দিনের পর দিন শেখ হাসিনা কেন জনগণের সঙ্গে এমন নির্মম রসিকতা করে চলছেন—এটা আজ সবার প্রশ্ন।
