‘পৃথিবী মায়ের মতো তার যত্ন নিতে হবে’

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১৫

বাংলাদেশে মোট জনসংখ্যার ৩০ শতাংশই এখন যুব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুব সমাজের অঙ্গীকার হোক—‘পৃথিবী মায়ের মতো, তার যত্ন নিতে হবে’। গতকাল রবিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-এর উপদেষ্টা ও ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস এম মঞ্জুরুল হান্নান খান এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও নগর উন্নয়ন কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী। সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সম্মেলনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের ফেলো ড. মো. গোলাম রাব্বানি। তারপর ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির কার্যক্রম তুলে ধরেন এই কর্মসূচির প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান।

ড. আইনুন নিশাত বলেন, আবহাওয়া ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে। আমাদের শরত্, হেমন্ত, বসন্ত ঋতু হারিয়ে যাচ্ছে। ১৮৬০ সালে শিল্প বিপ্লবের সময় থেকে জলবায়ু বিপর্যয়ের শুরু, আর আমরা এই হিসাব শুরু করলাম ১৯৯০ সালে। তাই পৃথিবী টিকিয়ে রাখতে কার্বন ডাই-অক্সাইডসহ ক্ষতিকর গ্যাসগুলো যত কম নিঃসরণ করা যায়, ততই মঙ্গল।