জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অর্থব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের কাছে দায়বদ্ধ থেকে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক ও সচেতন হলে প্রকল্প ব্যয় কমে, দ্রুত অর্থনৈতিক উন্নয়নও হয়। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ‘প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইন্টেগ্রেটি ইন গভর্নমেন্ট স্পেন্ডিং’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, সরকারি সব কাজে স্বচ্ছতার জন্য সততা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। এই প্রক্রিয়ায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশের সরকারি ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও সততা নিশ্চিত করতে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটি (পিএ) ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অফিস কাজ করছে। জাতীয় সংসদের পিএ কমিটি সরকারের কার্যক্রম তদারকি করে। সরকারি ব্যয় সম্পর্কিত সিএজি রিপোর্ট পরীক্ষা করে। এক্ষেত্রে পিএ কমিটির সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ, ওয়ার্ল্ড ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন, ভারতের সিএজি ও ডিরেক্টর জেনারেল সুনীল শ্রীকৃষ্ণ প্রমুখ।
