কিশোরগঞ্জে হত্যা মামলার সাক্ষীর পা বিচ্ছিন্নের দায়ে তিন জনের যাবজ্জীবন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪১

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলার এক নম্বর সাক্ষীর পা বিচ্ছিন্ন করার দায়ে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রবিবার এ রায় দেন। রায়ে কুলিয়ারচরের ভাটিজগত্চর গ্রামের তাজুল ইসলাম, গোলাপ মিয়া ও বিল্লাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আবুল কালামকে তিন বছরের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা ও শামছু মিয়াকে এক বছরের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১২ ডিসেম্বর হাছেন আলী হত্যা মামলার ১ নম্বর সাক্ষী মনিরউদ্দিনকে পার্শ্ববর্তী জাফরাবাদ এলাকার একটি চায়ের দোকান থেকে আসামিরা তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় মনিরের বড়ো ভাই বাদী হয়ে কুলিয়ারচর থানায় আট জনের নামে মামলা করেন।